শিক্ষা খাতে বাজেটে বড় লাফ: লক্ষ্য জিডিপির ৫ শতাংশ

শিক্ষা খাতে বাজেট বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর একটি হোটেলে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এই তথ্য জানান।

ইউনিসেফ আয়োজিত ‘শ্রেণিকক্ষে উদ্ভাবনী ধারা শক্তিশালীকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষা খাতে বরাদ্দ কখনোই জিডিপির দেড় শতাংশের বেশি হয়নি। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বর্তমান সরকার সেই চিত্র পাল্টে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, আগের সরকারের সময় ডিজিটাল ক্লাসরুম প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতা ছিল। স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতিও দেখা গেছে। বর্তমান সরকার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল ক্লাসরুম চালুর দিকে এগোচ্ছে।

সেমিনারে বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, প্রাথমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ডিজিটাল ও ক্রিয়াশীল ক্লাসরুম গড়ে তোলার কাজ চলছে।

তিনি আরও জানান, শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির সঙ্গে আন্তর্জাতিক মানসম্পন্ন তৃতীয় ভাষা যুক্ত করার পরিকল্পনাও সরকারের বিবেচনায় রয়েছে।