মির্জা আব্বাসকে নাসীরুদ্দীনের বার্তা: ‘কামব্যাক কমরেড’

৩৫

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এখন শঙ্কামুক্ত। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

বুধবার (৬ মে) সন্ধ্যায় মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

এ খবর প্রকাশের পর বিভিন্ন সংবাদমাধ্যমে তাকে নিয়ে ফটোকার্ড ছড়িয়ে পড়ে। এর একটি নিজের ফেসবুকে শেয়ার করে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ফাইট দ্য অডস অ্যান্ড কামব্যাক কমরেড।

গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হলে মির্জা আব্বাসকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর, এরপর মালয়েশিয়ায় নেওয়া হয়।

আফরোজা আব্বাসের বরাতে শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাস এখন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।