বায়ার্নকে রুখে দিয়ে টানা দ্বিতীয় ফাইনালে পিএসজি

২৪

মিউনিখে বায়ার্ন মিউনিখের সঙ্গে ১-১ গোলে ড্র করেও উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করল পিএসজি। দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে এগিয়ে বুদাপেস্টের টিকিট কাটল লুইস এনরিকের দল।

বুধবার (৬ মে) দিবাগত রাতে ম্যাচের ৩ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। খভিচা কাভারাতস্কেলিয়ার পাস থেকে জোরালো শটে গোল করেন উসমান দেম্বেলে।

প্রথমার্ধে পেনাল্টির জোরালো দাবি তোলে বায়ার্ন। ভিতিনিয়ার ক্লিয়ারেন্স জোয়াও নেভেসের হাতে লাগলেও রেফারি হ্যান্ডবল দেননি। এরপর মানুয়েল নয়্যারের একের পর এক সেভে ম্যাচে টিকে থাকে স্বাগতিকরা। নেভেস, দেজিরে দুয়ে ও কাভারাতস্কেলিয়ার শট আটকে দেন তিনি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণে এগিয়ে ছিল পিএসজি। কাভারাতস্কেলিয়া একক প্রচেষ্টায় গোলের সুযোগ নষ্ট করেন। বায়ার্নের হয়ে লুইস দিয়াসের শট ঠেকান গোলরক্ষক মাতভেই সাফোনভ।

অতিরিক্ত সময়ের ৪র্থ মিনিটে হ্যারি কেইন গোল করে ব্যবধান কমান। তবে ততক্ষণে ফাইনালের পথ পরিষ্কার পিএসজির।

শেষ বাঁশিতে উল্লাসে মাতে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা। ৩০ মে বুদাপেস্টে শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আর্সেনাল।