প্রাথমিক শিক্ষার্থীদের জন্য জুতা বিতরণ কর্মসূচি শুরু, প্রথম ধাপে ১ লাখ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জুতা বিতরণ কর্মসূচি শুরু করছে সরকার। প্রথম ধাপে পাইলট প্রকল্পের আওতায় দেশের প্রায় ১ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে উন্নত মানের জুতা দেওয়া হবে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারী ও কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রতিমন্ত্রী জানান, প্রতিটি উপজেলার দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির সব শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবে। এই উদ্যোগ বাস্তবায়নে দেশের বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে অনুদান দিতে সম্মত হয়েছে।

তিনি বলেন, আমরা চাই এই উদ্যোগটি শুধু বিতরণ কর্মসূচি না হয়ে শিশুদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও সমন্বিত সহায়তা হিসেবে প্রতিষ্ঠিত হোক। এজন্য জুতার মান, স্টাইল ও উৎপাদন প্রক্রিয়ায় সমন্বয় থাকা জরুরি। বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের মানে বৈষম্য থাকলে শিশুদের মধ্যে অসম অভিজ্ঞতা তৈরি হতে পারে। তাই সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য মান নির্ধারণ করা হবে।

মান নিয়ন্ত্রণে টেকনিক্যাল ও কোয়ালিটি স্ট্যান্ডার্ড নির্ধারণে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। কমিটিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, টেকনিক্যাল বিশেষজ্ঞ, লেদার ইন্সটিটিউট ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের রাখার পাশাপাশি সহযোগী প্রতিটি কোম্পানির একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেন।

ডিজাইন, কোয়ালিটি চেকিং, সার্টিফিকেশন—সবকিছু আন্তর্জাতিক মান অনুযায়ী করতে টেকনিক্যাল এক্সপার্টদের সম্পৃক্ত করার ওপরও জোর দেন তিনি।

প্রাথমিকভাবে সীমিত পরিসরে দ্রুত ও কার্যকরভাবে পাইলট বাস্তবায়নের পর ধাপে ধাপে কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।