পুশইন ইস্যুতে পাল্টা ঢাকার সহযোগিতা চাইল দিল্লি

৩২

ভারত থেকে অবৈধ ‘পুশইন’ হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এবার এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

বৃহস্পতিবার (৭ মে) সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের প্রত্যাবাসনে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। ঝুলে থাকা নাগরিকত্ব যাচাই দ্রুত শেষ করারও আহ্বান জানান তিনি।

জয়সওয়াল জানান, বর্তমানে ২ হাজার ৮৬০টিরও বেশি নাগরিকত্ব যাচাইয়ের আবেদন বাংলাদেশের কাছে ঝুলে আছে। অনেকগুলো পাঁচ বছরেরও বেশি সময় ধরে অনুমোদনের অপেক্ষায়। সুশৃঙ্খলভাবে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ করতে দ্রুত যাচাই শেষ করার আশা প্রকাশ করেন তিনি।

এর আগে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছিলেন, পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলে পুশইনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বুধবার বলেছিলেন, তিনি আশা করেন এ ধরনের ঘটনা ঘটবে না। তবে সীমান্তে বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের পর অনুপ্রবেশ ইস্যুতে দুই দেশের মধ্যে এই পাল্টাপাল্টি বক্তব্য এলো। বিজেপি নির্বাচনে অনুপ্রবেশ নিয়ে প্রচারণা চালিয়েছিল এবং তৃণমূলের বিরুদ্ধে মদতের অভিযোগ তুলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অবশ্য তা অস্বীকার করেছে।