জ্বালানি ‘খরা’ শেষ: সৌদি থেকে এলো ১ লাখ টন অক্সিজেন

দুই মাসের অপেক্ষার অবসান। সৌদি আরব থেকে আসা এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল বৃহস্পতিবার (৭ মে) থেকে খালাস শুরু হয়েছে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড জেটিতে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় টানা দুই মাস দেশে কোনো ক্রুড অয়েলের জাহাজ ঢুকতে পারেনি। ইআরএল-এর মজুদ তলানিতে ঠেকায় রিফাইনারি কার্যক্রমও ধীর হয়ে পড়েছিল।

বিকল্প পথে সমাধান খুঁজতে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে তেল নিয়ে ২১ এপ্রিল রওনা দেয় চীনা জাহাজ ‘নিনেমিয়া’। ১৫ দিনের সমুদ্রযাত্রা শেষে বুধবার দুপুরে জাহাজটি ভিড়ে কুতুবদিয়া অ্যাঙ্করেজে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন জানিয়েছে, খালাসের জন্য ছয়টি লাইটার জাহাজ প্রস্তুত। প্রতিটি লাইটার এক ট্রিপে প্রায় ৪ হাজার টন করে ক্রুড পরিবহন করবে। দিনে অন্তত ২৪ হাজার টন তেল কুতুবদিয়া থেকে পতেঙ্গার ইআরএল-এ পৌঁছানো যাবে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, চলতি মাসেই আরও দুই লাখ টন ক্রুড নিয়ে দুটি জাহাজ দেশে আসার কথা রয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বড় এই চালান ইআরএল-এর উৎপাদন আবার স্বাভাবিক করবে। সরবরাহ লাইনে স্বস্তি ফেরায় বাজারেও চাপ কমবে।