ইন্দোনেশিয়া থেকে ২ কোটি লিটার সয়াবিন কিনছে সরকার

টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের জন্য ভর্তুকি মূল্যে বিক্রি করতে ইন্দোনেশিয়া থেকে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে খরচ হবে ২৮২ কোটি ৫৭ লাখ টাকার বেশি।

বৃহস্পতিবার (৭ মে) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে অংশ নেয় দুটি প্রতিষ্ঠান। এর মধ্যে কারিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য একমাত্র দরদাতা হিসেবে ইন্দোনেশিয়ার পিটি ট্রিনিটি ছায়া এনার্জিকে নির্বাচন করা হয়েছে।

প্রতিষ্ঠানটি প্রতি লিটার ১ দশমিক ১৫১ ডলারে তেল সরবরাহ করবে। মোট ২ কোটি লিটারের দাম ২ কোটি ৩০ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ২৮২ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকা।

টিসিবির হিসাবে, গুদাম পর্যন্ত সব খরচসহ প্রতি লিটারের দাম পড়ছে ১৭৮ টাকা ৫৬ পয়সা। স্থানীয় বাজারে গড় মূল্য ১৯৫ টাকার চেয়ে লিটারে প্রায় ১৬ টাকা ৪৪ পয়সা কম।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে ২৩ কোটি লিটার ভোজ্যতেল কেনার লক্ষ্য সরকারের। এর মধ্যে ১২ কোটি ১৬ লাখ ৭৯ হাজার লিটারের বেশি কেনা শেষ হয়েছে।