অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে কমল ২১ টাকা

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি উড়োজাহাজের জ্বালানি জেট এ-১ এর দাম কমিয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) জারি করা বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে সংস্থাটি।

নতুন দাম অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। লিটারে কমেছে ২১ টাকা ৬৩ পয়সা। আন্তর্জাতিক রুটে দাম ১ দশমিক ৪৮০৬ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার করা হয়েছে।

এর আগে ৭ এপ্রিল অভ্যন্তরীণ রুটে দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ৮ পয়সা করেছিল বিইআরসি। আন্তর্জাতিক রুটে তখন দাম হয় ১ দশমিক ৪৮ ডলার।

২৪ মার্চও বড় দফায় দাম বাড়ানো হয়। অভ্যন্তরীণ রুটে ১১২ টাকা ৪১ পয়সা থেকে এক লাফে ২০২ টাকা ২৯ পয়সা এবং আন্তর্জাতিক রুটে ০ দশমিক ৭৪ ডলার থেকে ১ দশমিক ৩২ ডলার করা হয়।

৮ মার্চ অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার ৯৫ টাকা ১২ পয়সা থেকে ১১২ টাকা ৪১ পয়সা এবং আন্তর্জাতিক রুটে ০ দশমিক ৬২ ডলার থেকে ০ দশমিক ৭৩৮৪ ডলার নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছরের জানুয়ারিতে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে ১৯ পয়সা বেড়ে হয় ৯৫ টাকা ১২ পয়সা।