ভুল তথ্য ঠেকাতে এমপিদের প্রশিক্ষণে জোর ডেপুটি স্পিকারের, ইউনেস্কোর সঙ্গে বৈঠক

ইউনেস্কোর হেড অব অফিস ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুজান ভাইজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৬ মে) ডেপুটি স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা মৌলিক অধিকার হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইচ্ছাকৃত ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা এর অন্তর্ভুক্ত নয়। এ বিষয়ে সংসদ সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে প্রশিক্ষণ আয়োজনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, ইউনেস্কোর শিক্ষা, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি কার্যক্রম থেকে বাংলাদেশের শিশুরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। সাইবার অপরাধ ও সাইবার নিরাপত্তা আইন সম্পর্কে জনগণকে সচেতন করা জরুরি।

ইউনেস্কো প্রতিনিধিদল জানায়, গণমাধ্যম উন্নয়ন, তথ্য যাচাই, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন এবং নাগরিকদের তথ্যপ্রাপ্তির সক্ষমতা বৃদ্ধিতে তারা সম্মিলিতভাবে কাজ করবে।

বৈঠকে শিক্ষা, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ সময় ইউনেস্কো প্রতিনিধিদলের সদস্য ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।