বিজয়ের সরকার গঠনে কংগ্রেসের ‘শর্তসাপেক্ষ’ সমর্থন

২৬

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে জয়ের পর অভিনেতা বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্টরি কাজাগামকে সরকার গঠনে সমর্থনের ঘোষণা দিয়েছে কংগ্রেস। তবে জোটে বিজেপি বা বিজেপি-সমর্থিত কোনো দল থাকলে সেই সমর্থন থাকবে না বলে শর্ত দিয়েছে দলটি।

তামিলনাড়ু কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা গিরিশ চোডাঙ্কার এক বিবৃতিতে জানান, প্রদেশ কংগ্রেস কমিটি ও কংগ্রেস বিধানসভা দল টিভিকেকে সরকার গঠনে পূর্ণ সমর্থন দিতে রাজি। তবে সমর্থন নির্ভর করবে জোটে আর কারা থাকছে তার ওপর।

নির্বাচনে টিভিকে ১০৭ আসনে জয় পেয়েছে। কংগ্রেসের পাঁচজন বিধায়কের সমর্থন পেলে সংখ্যা দাঁড়াবে ১১২। সরকার গঠনে প্রয়োজন ১১৮টি আসন। ফলে টিভিকেকে আরও অন্তত ছয়জন বিধায়কের সমর্থন জোগাড় করতে হবে।

বিজয়ের দল ইতোমধ্যে বিদুথালাই চিরুথাইগল কাতচি, সিপিআই ও সিপিএমের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এই তিন দল সমর্থন দিলে টিভিকের আসন সংখ্যা হবে ১১৯।

এদিকে টিভিকের নেতারা চেন্নাইয়ে এআইএডিএমকে প্রধান এডাপ্পাডি কে পালানিস্বামীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। দলটি বর্তমানে বিজেপির সঙ্গে জোটে রয়েছে। এ বৈঠক ঘিরে রাজ্যে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে।

কংগ্রেস জানিয়েছে, টিভিকের সঙ্গে তাদের জোট শুধু সরকার গঠনের জন্য নয়। ভবিষ্যতে স্থানীয় সংস্থা, লোকসভা ও রাজ্যসভা নির্বাচনেও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ চলবে।