পদত্যাগ না করলে মমতাকে বরখাস্ত করা হবে: আসামের মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পদত্যাগ না করলে তাকে বরখাস্ত করা হবে বলে মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, মমতার অসংখ্য ভুলত্রুটি সত্ত্বেও বাংলা তাকে অনেক সহ্য করেছে।

মঙ্গলবার, ৫ মে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সিইও ও এডিটর-ইন-চিফ রাহুল কানওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “উনি পদত্যাগ না করলে তাকে বরখাস্ত করা হবে—সোজা কথা। দেশ তার কথায় চলবে না। সরকার একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করবে। এরপর, তাকে বরখাস্ত করা হবে।”

তিনি আরও বলেন, “আপনি বলছেন, ১০০ আসন আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তাহলে আমিও বলতে পারি কংগ্রেসের জেতা ১৯টি আসন আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমার ১২৬ আসন পাওয়া উচিত ছিল। এভাবে একটা দেশ চলে না।”

টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকার পর এবারের নির্বাচনে বিজেপির কাছে হেরেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী। এরপর তিনি দাবি করেন, তাকে কারচুপি করে হারানো হয়েছে এবং এজন্য তিনি পদত্যাগ করবেন না।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মমতা বলেন, “আমি হারিনি। তাই, আমি রাজ ভবনে যাবো না। আমি পদত্যাগ করবো না।” এতে ক্ষমতা হস্তান্তর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “আপনি সীমান্তে বেড়া দিতে দেননি। এরপর আবার বলছেন, আপনার কাছ থেকে আসন ছিনিয়ে নেওয়া হয়েছে। আপনার এ পরিণতি আরও আগেই হওয়া উচিত ছিল। পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে অনেক দিয়েছে। এবার তারা বিজেপিকে ম্যান্ডেট দিয়েছে।”

পশ্চিমবঙ্গের নির্বাচনে ২৯৩ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২০৬টি। তৃণমূল পেয়েছে ৮০টি আসন। ২০২১ সালে তৃণমূল ২১৫ আসন পেয়ে বিজেপিকে হারিয়েছিল।

সূত্র: এনডিটিভি