৫০০ জাতীয় খেলোয়াড় পাচ্ছেন ক্রীড়া কার্ড-ভাতা, চতুর্থ শ্রেণি থেকেই খেলা বাধ্যতামূলক

১২

দেশের খেলাধুলায় বড় ধরনের বদল আনতে মাঠে নেমেছে সরকার। পর্যায়ক্রমে ৫০০ জন জাতীয় খেলোয়াড়কে ক্রীড়া কার্ড ও ভাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সোমবার (৪ মে) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস ও বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী জানান, ইতিমধ্যে ৩০০ জন খেলোয়াড়কে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে। বাকি ২০০ জনকেও দ্রুত এই সুবিধার আওতায় আনা হবে। এর মাধ্যমে খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতির পাশাপাশি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

শুধু জাতীয় পর্যায় নয়, তৃণমূল থেকেই খেলোয়াড় তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আমিনুল হক বলেন, “আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। প্রতিটি বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে ক্রীড়া শিক্ষক।”

তরুণদের মোবাইল-ডিভাইস আসক্তি কমাতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, “জয়-পরাজয় মুখ্য নয়। সুস্থ, কর্মক্ষম ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়তে মাঠে ফিরতে হবে।”

একই সঙ্গে পাবলিক-প্রাইভেট সব বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এ ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমসহ অন্যরা।

এবারের প্রতিযোগিতায় ২১টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে। ৩০টি ইভেন্টে চলবে লড়াই, পর্দা নামবে ৬ মে।