‘হারিনি, জোর করে ভোট লুট হয়েছে’ — পদ ছাড়ছেন না মমতা

৪৩

ভোটের ফলে পরাজিত হলেও পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, তাকে হারিয়ে দেওয়া হয়েছে, তাই মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার প্রশ্নই আসে না।

মঙ্গলবার (৫ মে) বিকেলে কালীঘাটে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান মমতা। খবর আনন্দবাজারের।

রীতি অনুযায়ী ফল নিশ্চিত হলেই মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন। কিন্তু নির্বাচনের ফল মানতে নারাজ মমতা।

তিনি বলেন, ‘কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে?’

মমতা আরও বলেন, ‘এত দিন আমি চেয়ারে ছিলাম। অনেক কিছু সহ্য করেছি। কিন্তু এখন আমি মুক্ত বিহঙ্গ। সাধারণ মানুষ। আর সহ্য করব না। সব অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব। আমি রাস্তার লোক। রাস্তায় ছিলাম, রাস্তায় থাকব।’

জোট নিয়ে তিনি বলেন, ‘জোট আগামী দিনে আরও শক্তিশালী হবে। অখিলেশ আজ আসতে চেয়েছিল। আমি কাল আসতে বলেছি। একে একে সবাই আসবেন। জোট শক্তিশালী করব।’

নির্বাচন কমিশনকেই ‘ভিলেন’ আখ্যা দিয়েছেন মমতা। তার দাবি, কমিশনের সাহায্যে ১০০টির বেশি আসন লুট করা হয়েছে। সুষ্ঠু ফলাফলে হারলে কোনো অভিযোগ না করে তা মেনে নিতেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন।