স্থানীয় সরকার নির্বাচন শুরু এ বছরের শেষে, শেষ হতে লাগবে এক বছর: তথ্য উপদেষ্টা

৬১

স্থানীয় সরকার নির্বাচন এ বছরের শেষ দিকে শুরু হবে এবং শেষ করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। উপজেলা পরিষদ বাতিলের কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও তিনি জানান।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর যেসব সাংবাদিক কারাগারে আছেন, তাদের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কিছু ক্ষেত্রে তাদের অপরাধ গণহত্যার চেয়েও বেশি। তবে এ সরকারের আমলে অন্যায়ভাবে কোনো সাংবাদিক যাতে কারাগারে না থাকেন, সে ব্যাপারে সরকার সচেষ্ট রয়েছে।

দেশে জঙ্গিবাদের অস্তিত্ব আছে বলেও মন্তব্য করেন তিনি। হামের টিকা প্রসঙ্গে উপদেষ্টা জানান, প্রায় এক কোটি ৬১ লাখ শিশু হামের টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। কয়েকদিনের মধ্যে শতভাগ শিশু টিকার আওতায় আসবে। একজন শিশুর মৃত্যুও কাম্য নয়, তবে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০০ শিশু মারা গেছে। এজন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে হামের টিকা নিয়ে কোনো সংকট হবে না। শিশু মৃত্যুর পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।