সীমান্তে পুশ-ইন হলে ছাড় নয়, হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের

৩৪

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশ-ইনের কোনো ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনার প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমি চীন যাচ্ছি। সেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফর নিয়ে তিনি বলেন, আগামী জুনে প্রধানমন্ত্রী ভারত বা চীন সফরে যেতে পারেন। তার সফরের বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।

সূত্র জানায়, চীনা সরকারের আমন্ত্রণে মঙ্গলবার চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। ৭ মে পর্যন্ত তিনি বেইজিংয়ে অবস্থান করবেন।

সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। দুই পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। এছাড়া উন্নয়ন নীতি ও কৌশলগত অগ্রাধিকারের সমন্বয় নিয়েও আলোচনা হবে।

সফরসূচি অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী চীনের গণ রাজনৈতিক পরামর্শদাতা সম্মেলনের চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন। পাশাপাশি চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লিউ হাইশিং তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।

এই সফরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন।