শিক্ষার্থীদের জন্য আসছে শুল্কমুক্ত ইলেকট্রিক বাস

৬৩

শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব করতে ইলেকট্রিক বাস চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম ধাপে শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর তুলে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, জ্বালানি তেলের ওপর চাপ কমানো এবং সড়কে ব্যক্তিগত যানবাহনের নির্ভরতা হ্রাস করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। গণপরিবহনে জ্বালানি নির্ভরতা কমাতে সরকার বিদ্যুৎচালিত বাসের দিকে যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য যে স্কুল বাস, সেটা বৈদ্যুতিক হলে তাতে কোনো শুল্ক থাকবে না।

গত ২৭ এপ্রিল এনবিআর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, সম্পূরক শুল্ক, আগাম কর ও অগ্রিম আয়করসহ সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান নিজে কিংবা প্রতিষ্ঠানের পক্ষে অন্য কোনো সংস্থা শিক্ষার্থী পরিবহনের উদ্দেশ্যে এসব বাস আমদানি করলেও একই সুবিধা প্রযোজ্য হবে। তবে বাসের রং হলুদ হতে হবে এবং ‘স্কুল’, ‘কলেজ’ বা ‘স্টুডেন্ট বাস’ শব্দগুলো স্পষ্ট করে দৃশ্যমানভাবে লিখতে হবে।