প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে ঢাকায় ইতালির রাষ্ট্রদূত, উপদেষ্টার সঙ্গে বৈঠক

৩৯

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম অব. এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

মঙ্গলবার (৫ মে) দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় ইতালির রাষ্ট্রদূতের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্ব দেন।

বৈঠকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে কথা হয়। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা প্রেক্ষাপটে একসঙ্গে কাজ করার বিষয়েও মতবিনিময় হয়।

উভয় পক্ষ মনে করেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ দুই দেশের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে।