পুলিশে একসঙ্গে ৩৯ কর্মকর্তার বদলি, নতুন নেতৃত্ব পাচ্ছে দুই মেট্রো ও ৮ জেলা

২১

বাংলাদেশ পুলিশে বড় রদবদল আনা হয়েছে। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩৯ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব স্বাক্ষরিত নির্দেশনায় তা অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে।

এই রদবদলে রাজশাহী ও বরিশাল মেট্রোপলিটন পুলিশসহ পঞ্চগড়, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি ও ফেনী জেলায় নতুন শীর্ষ কর্মকর্তারা দায়িত্ব নিচ্ছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জিললুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি করা হয়েছে। আরএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন এসবির ডিআইজি মোহা. ফয়েজুল কবির।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলামকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। তার জায়গায় বিএমপির নতুন কমিশনার হয়েছেন ডিআইজি মো. আশিক সাঈদ। এছাড়া ডিআইজি মো. মোশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজিদের মধ্যে সিআইডির মো. আবুল বাশার তালুকদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার করা হয়েছে। ডিআইজি পদে পদোন্নতি পাওয়া সানা শামীনুর রহমানকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।

জেলা পর্যায়ে পঞ্চগড়ের এসপি মো. রবিউল ইসলামকে নৌ-পুলিশে বদলি করে সেখানে নতুন এসপি করা হয়েছে এপিবিএন-২ এর মো. মিজানুর রহমানকে। জয়পুরহাটের নতুন এসপি হয়েছেন রেলওয়ে পুলিশের শাহনাজ বেগম। পাবনার এসপি মো. আনোয়ার জাহিদকে এসবির বিশেষ পুলিশ সুপার করে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে মো. মফিজ উদ্দিনকে।

এছাড়া নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি ও ফেনী জেলাতেও নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। বদলির তালিকায় ঢাকা ও খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এবং এসবির বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশের নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে।