সিটিটিসি কার্যালয় পরিদর্শনে অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার

২৩

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসি কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পবকে।

সোমবার (৪ মে) বেলা ১১টায় সিটিটিসি কার্যালয়ে তিনি ইউনিট প্রধান মো. মাসুদ করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, সাক্ষাতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার, তথ্য বিনিময়, সক্ষমতা বৃদ্ধি ও যৌথ কার্যক্রম সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, উদীয়মান হুমকি এবং সমন্বিত উদ্যোগে সেগুলো মোকাবিলার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ পুলিশ ও সিটিটিসির সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন ক্লিনটন পবকে।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষিতে এই বৈঠক দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করবে বলে উভয়পক্ষ আশা প্রকাশ করেছে। ভবিষ্যতে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।