ফেরিতে যাত্রী না নামালে বাসচালকের লাইসেন্স নিয়ে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

২৯

ফেরিঘাটে যাত্রী না নামিয়ে সরাসরি বাস ফেরিতে তোলার ঘটনায় চালকদের লাইসেন্সের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৪ মে) সচিবালয়ে ঈদুল আজহার ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, “অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা কিছু নির্দেশনা পেয়েছি। সিদ্ধান্ত হয়েছে, সব ফেরিঘাটে সাইনবোর্ড টানানো ও মাইকিং করে যাত্রী নামানো-ওঠানো নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, “কোনো বাসচালকের গাফিলতি পাওয়া গেলে তার লাইসেন্স নিয়ে সিদ্ধান্ত হবে। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাসমালিক এবং শ্রমিক ফেডারেশনের সঙ্গে বৈঠক করে বাস্তবায়নের অনুরোধ জানাবেন।”

সভার সিদ্ধান্ত তুলে ধরে মন্ত্রী বলেন, ঈদযাত্রায় দুর্ঘটনা মোকাবিলায় মহাসড়কের পাশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ট্রমা সেন্টারগুলো কার্যকর করা হবে। সিভিল সার্জনের নেতৃত্বে সেখানে চিকিৎসক, নার্স ও জরুরি সরঞ্জাম রাখা হবে। এছাড়া ঈদের সাতদিন আগে থেকেই নিকটবর্তী উপজেলা ও জেলা হাসপাতালগুলো প্রস্তুত রাখা হবে।

মহাসড়কের নিরাপত্তায় পুলিশ হেডকোয়ার্টার্সে মনিটরিং সেল গঠনের কথাও জানান তিনি। “সাতদিন আগ থেকেই এই সেল কাজ করবে। মহাসড়কের সার্কিট ক্যামেরা থেকে সরাসরি দৃশ্য পাওয়া যাবে। জেলা পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।