সংরক্ষিত আসনে এনসিপির নুসরাতের প্রার্থিতা বৈধ, চূড়ান্ত তালিকায় নাম

৪২

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে প্রার্থিতা নিয়ে সৃষ্ট আইনি জটিলতার অবসান হয়েছে। আদালতের নির্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (৩ মে) রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত চূড়ান্ত তালিকায় নুসরাত তাবাসসুম জ্যোতির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইসি জানায়, আগে নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র নিয়ে জটিলতা তৈরি হলে তিনি এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন। ওই রিটের শুনানি শেষে গত ২৭ এপ্রিল হাইকোর্ট তার মনোনয়নপত্র গ্রহণের আদেশ দেন এবং ৭২ ঘণ্টার মধ্যে পুনঃবাছাই কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী, ২ মে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ পুনরায় সম্পন্ন করা হয়। বাছাই শেষে জাতীয় সংসদ নির্বাচন আইন ২০০৪-এর ১০ এর উপধারা (৮) অনুসারে তার প্রার্থিতা বৈধ বলে গণ্য হয়।