বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা তিন মাস সরকারি সহায়তা পাবেন: কৃষিমন্ত্রী

৪০

সাম্প্রতিক বৃষ্টিতে ফসল হারানো কৃষকদের আগামী তিন মাস সরকারিভাবে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

রোববার (৩ মে) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চাহিদা, সরবরাহ ও পরিবহন নিশ্চিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হাওরাঞ্চল ধান উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক কারণে আকস্মিক পানি ঢুকে সেখানে ফসল ডুবে যায়। “এই হাওরগুলো কেউ ডুবায় না, এটি প্রাকৃতিকভাবে ঘটে। সৃষ্টিকর্তার ওপর মানুষের নিয়ন্ত্রণ নেই,” বলেন তিনি।

তিনি জানান, যেসব বেড়িবাঁধ নির্মাণ করলে ফসল রক্ষা করা যাবে, সেগুলোকে কৃষি মন্ত্রণালয় অগ্রাধিকার দিচ্ছে। গত ১৫ দিন ধরে জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে ধান কাটার অগ্রগতি মনিটর করা হয়েছে। কোথাও ৮০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। শ্রমিক সংকট মেটাতে অন্য এলাকা থেকে শ্রমিক ও প্রয়োজনে ট্রাক ভাড়া করে জনবল পাঠানো হয়েছে।

ক্ষয়ক্ষতির বিষয়ে মন্ত্রী বলেন, কিছু জমির ফসল নষ্ট হলেও পরিমাণ খুব বেশি নয়। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য সরকার এরইমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। আগামী তিন মাস তাদের সরকারিভাবে সহায়তা দেওয়া হবে।