শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি, পূর্ণাঙ্গ হলো ত্রয়োদশ সংসদ 

৫৭

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে সংসদ পূর্ণাঙ্গ রূপ পেল।

রবিবার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদ সচিবালয় জানায়, সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথকক্ষে এ অনুষ্ঠান হয়।

এর আগে গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ করে।

রিটার্নিং কর্মকর্তার সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম বাদে ৫৩ জন প্রার্থী নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দেন। নুসরাত ১৯ মিনিট পর মনোনয়ন দাখিল করেন। ৫৩ জনের মধ্যে বিএনপি জোটের ৩৬, জামায়াত জোটের ১২ ও স্বতন্ত্র জোটের এক বৈধ প্রার্থীসহ মোট ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

বিএনপি জোটের ৩৬ জন: সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোটের ১২ জন: নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি. মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।

এ ছাড়া স্বতন্ত্র জোটের সুলতানা জেসমিনকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।