শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করছে ডিএমপি, নজরদারিতে সহযোগীরাও

১১৩

ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, রাজধানীতে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

শনিবার (২ মে) দুপুরে কারওয়ান বাজারে একটি পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগের মতো বড় শীর্ষ সন্ত্রাসী না থাকলেও তাদের সহযোগী ও নতুনভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করা ব্যক্তিদের নজরদারিতে রাখা হয়েছে। সন্ত্রাসীরা মাথাচাড়া দেওয়ার আগেই ব্যবস্থা নেওয়া হবে।

কমিশনার জানান, কারওয়ান বাজার এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপি ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। নতুন পুলিশ ক্যাম্পটি চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে ভূমিকা রাখবে। এখানে সার্বক্ষণিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তথ্য পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সদস্য সংখ্যা বাড়ানো হবে।

তিনি আরও জানান, রাজধানীতে চাঁদাবাজি ও মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।