ডিসি সম্মেলন শুরু রোববার, আলোচনায় থাকছে ৪৯৮ প্রস্তাব

২৪

রোববার (৩ মে) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন যা চলবে ৬ মে পর্যন্ত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৩৪টি অধিবেশনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বসবেন সরকারের নীতিনির্ধারকেরা।

এবার সারা দেশ থেকে পাঠানো ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে বাছাই করা ৪৯৮টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সম্মেলনে উন্নয়ন, নীতিনির্ধারণ ও প্রশাসনিক সমন্বয়ের বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের অধীনে এটিই প্রথম ডিসি সম্মেলন। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন তিনি।

প্রথম দিন আলোচনায় থাকছে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং আইন মন্ত্রণালয়। দিন শেষে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ডিসিরা। দ্বিতীয় দিন অর্থ মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় এবং স্পিকারের সঙ্গে মতবিনিময় হবে। তৃতীয় দিন বিদ্যুৎ, জ্বালানি, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ও নির্বাচন কমিশন-সংক্রান্ত অধিবেশন রয়েছে। শেষ দিন স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিষয়ে আলোচনার পর রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সৌজন্য সভা ও নৈশভোজ হবে।

মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে ডিসিরা দায়িত্ব পালন করেন। তাদের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম গতিশীল করাই এবারের সম্মেলনের লক্ষ্য।