গোলাবারুদ নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ, আইআরজিসির ১৪ সদস্য নিহত

১৬৩

ইরানের জানজান প্রদেশে অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ১৪ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।

ইরনার বরাতে শনিবার জানানো হয়, ১ মে, শুক্রবার জানজানের আনসার আল-মাহদি কর্পসের সদস্যরা মার্কিন-ইসরায়েলি হামলায় ফেলে যাওয়া গোলাবারুদ নিষ্ক্রিয় করছিলেন। এ সময় অজ্ঞাত একটি গোলা বিস্ফোরিত হয়।

কর্পসের বিবৃতিতে বলা হয়েছে, নিহতরা সবাই বোমা নিষ্ক্রিয়করণে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন। এ পর্যন্ত তারা ১৫ হাজারের বেশি অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করেছেন।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানসহ ইরানের কয়েকটি শহরে বিমান হামলা চালায়। জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালায়। ওই সংঘাতের পর থেকেই বিভিন্ন এলাকায় অবিস্ফোরিত গোলাবারুদ উদ্ধারের কাজ চলছে।