কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি: ১ মে থেকে বন্ধ হচ্ছে সৌদি এন্ট্রি

৩০

কুয়েতের আকাশপথ পুনরায় খুলে দেওয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি আরব হয়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের বিশেষ এন্ট্রি পারমিট সুবিধা বন্ধের ঘোষণা দিয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (১ মে) থেকে এই সুবিধা আর পাওয়া যাবে না।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দূতাবাসের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েত সরকার দেশটির আকাশপথ উন্মুক্ত করায় বর্তমানে বিভিন্ন এয়ারলাইনস কুয়েত থেকে সরাসরি বিভিন্ন গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

সরাসরি ফ্লাইট চালু হওয়ায় সৌদি আরবকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে যাতায়াতের বিকল্প ব্যবস্থার আর প্রয়োজন নেই বলে মনে করছে দূতাবাস। সে কারণে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক সৌদি এন্ট্রি পারমিটের ব্যবস্থা সংক্রান্ত সব কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে আকাশপথ বন্ধ থাকাকালীন কুয়েত প্রবাসী বাংলাদেশিদের দেশে ও অন্যান্য গন্তব্যে যাতায়াতের সুবিধার্থে সৌদি আরব হয়ে যাওয়ার জন্য বিশেষ এন্ট্রি পারমিটের ব্যবস্থা করেছিল দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, বর্তমানে কুয়েত থেকে সরাসরি ফ্লাইটে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুযোগ তৈরি হওয়ায় প্রবাসীরা এখন সরাসরি টিকিট করে ভ্রমণ করতে পারবেন। তবে যাদের আগে থেকে সৌদি এন্ট্রি পারমিট ইস্যু করা আছে, তারা পারমিটের মেয়াদ থাকা সাপেক্ষে ভ্রমণ করতে পারবেন। ১ মে থেকে নতুন করে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

কুয়েতে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে বিষয়টি গুরুত্বের সাথে নেওয়ার অনুরোধ জানিয়েছে দূতাবাস।