শাকিরার কনসার্টস্থলে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ১

আসন্ন ওয়ার্ল্ড ট্যুর কনসার্টকে ঘিরে প্রস্তুতির মাঝেই মর্মান্তিক দুর্ঘটনায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ব্রাজিলের বিখ্যাত কোপাকাবানা বিচে আগামী ২ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পপ তারকা শাকিরার কনসার্ট।

রোববার (২৬ এপ্রিল) মঞ্চের কাঠামো নির্মাণকাজ চলাকালে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্রেন দিয়ে একটি বড় অবকাঠামো সরানোর সময় সেটি হঠাৎ ভেঙে পড়ে এক শ্রমিকের ওপর। এতে তিনি গুরুতর আহত হন।

উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কনসার্টের আয়োজকরা এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি অনুষ্ঠানস্থল প্রস্তুতকারী দলের সদস্য ছিলেন। তারা আরও বলেন, প্রাথমিক উদ্ধারকারীরা দ্রুত সাড়া দিলেও শেষ পর্যন্ত শ্রমিকটির জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় কনসার্ট আয়োজন সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। একইসঙ্গে শোক প্রকাশ করেছেন শাকিরা। এক বার্তায় তিনি বলেন, নিহতের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তার পরিবারকে সমবেদনা, সান্ত্বনা ও পূর্ণ সমর্থন জানাচ্ছি।

ঘটনাটি কনসার্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে, যদিও আয়োজকদের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।