একনেকে ১৪ প্রকল্পের অনুমোদন, ব্যয় ১৩৪৪৫ কোটি টাকা

২৯

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা।

রবিবার (২৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, অনুমোদিত ১৪টি প্রকল্পের মধ্যে ৫টি নতুন, ৫টি সংশোধিত এবং ৪টির মেয়াদ বাড়ানো হয়েছে।

মোট ১৩৪৪৫ কোটি ৪১ লাখ টাকার মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ৮০৮৯ কোটি ৫৬ লাখ টাকা। প্রকল্প ঋণ থেকে আসবে ৫৩৪০ কোটি ২৬ লাখ টাকা এবং বাকি ১৫ কোটি ৫৯ লাখ টাকা সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন।

অনুমোদিত প্রকল্প

১. এক্সপান্ডিং অ্যাকসেস ফর ইন্টিগ্রেটেড হেলথ কেয়ার অব দ্য আরবান পপুলেশন প্রজেক্ট।

২. কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন (প্রথম সংশোধিত) প্রকল্প।

৩. পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ (তৃতীয় সংশোধিত) প্রকল্প।

৪. রেজিলেন্ট ইনফ্রাস্টাকচার ফর অ্যাডাপটেশন অ্যান্ড ভালনারেবিলিটি রিডাকশন প্রজেক্ট।

৫. চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন পরিচ্ছন্নকর্মী নিবাস নির্মাণন (প্রথম সংশোধিত) প্রকল্প।

৬. ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প।

৭. ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্প।

৮.ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ প্রকল্প।

৯. সীমান্ত সড়ক নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্প। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় এ সড়ক নির্মাণ হবে।

১০. বৈরাগীরপুল-টুমচর-বাউফল জেলা মহাসড়ক (জেড-৮৯১০) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (প্রথম সংশোধিত) প্রকল্প।

১১. বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়ক (বরিশাল থেকে লক্ষ্মীপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (প্রথম সংশোধিত) প্রকল্প)।

১২. বরিশাল-লক্ষ্মীপাশা-দুমকী জেলা মহাসড়কের ১৪তম কিলোমিটারে রাঙ্গামাটি নদীর ওপর গোমা সেতু নির্মাণ প্রকল্প।

১৩.বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়) প্রকল্প।

১৪. মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্প।

সভায় স্বাস্থ্য, অবকাঠামো, যোগাযোগ ও স্থানীয় সরকার খাতের প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।