বিতর্কিত আর্থিক লেনদেন, পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

১২

দায়িত্ব গ্রহণের এক মাস পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং।

বিনিয়োগ সংক্রান্ত বিতর্কের জেরে বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি নিজের পদত্যাগের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে গুরুং জানান, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতেই তিনি সরে দাঁড়িয়েছেন। তিনি চান না তার পদ কোনোভাবে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করুক। শেয়ারবাজারে বিনিয়োগ এবং বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম নিয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে, তাকে তিনি যথেষ্ট গুরুত্বের সাথে নিয়েছেন।

সুশাসন ও স্বচ্ছতার দাবিতে সাম্প্রতিক সময়ের জেন জি আন্দোলনের প্রসঙ্গটিও তিনি টেনেছেন। এই আন্দোলনের মূল লক্ষ্যই ছিল জবাবদিহিতা নিশ্চিত করা। নিজের সিদ্ধান্তে তিনি সেই আদর্শকেই প্রাধান্য দিয়েছেন বলে জানিয়েছেন।

ছত্রিশ বছর বয়সী গুরুং গত ২৭ মার্চ বালেন্দ্র শাহ নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। এর আগে গত সেপ্টেম্বরের জেন জি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তিনি।

তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকে ঘিরে বিভিন্ন বিতর্ক দানা বাঁধতে শুরু করে। বিশেষ করে বিতর্কিত ব্যবসায়ী দীপক ভাটের সাথে তার সম্পর্কের বিষয়টি নিয়ে নেপালের স্থানীয় গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও মানি লন্ডারিংয়ের গুরুতর অভিযোগ রয়েছে এবং তাকে সম্প্রতি নেপালের পুলিশ গ্রেপ্তারও করেছে। এই পরিস্থিতির কারণে গুরুংয়ের ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি বড় ধরনের সংকটের মুখে পড়ে।

মন্ত্রিত্বের দায়িত্ব পাওয়ার পরদিন তিনি সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। তার এই সাহসী পদক্ষেপ রাজনৈতিক অঙ্গনে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করেছিল। যদিও পরবর্তী সময়ে তারা মুক্তি পান, কিন্তু সরকারের ভেতরের অস্বস্তি এতে বাড়তে থাকে।