২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ- নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে

৩২

মাত্র ২০০ টাকায় মাঠে বসে উপভোগ করা যাবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ১১টায়।

এর দুই দিন আগে মঙ্গলবার এ ম্যাচের টিকেটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে প্রকাশিত মূল্যতালিকা অনুযায়ী, স্টেডিয়ামের পূর্ব গ্যালারির টিকেটের দাম সবচেয়ে কম—২০০ টাকা। পশ্চিম গ্যালারির টিকেটের দাম ৩০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকেট মূল্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পূর্ব ও পশ্চিমে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের দাম ২৫০০ টাকা করে। পূর্ব ও পশ্চিম প্রান্তে ছাদের ওপর দুই প্যাভিলিয়ন এন্ডের টিকেটের দামও ২৫০০ টাকা করে।

মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা এনেছে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ২৭ ও ২৯ এপ্রিল দুটি টি–টুয়েন্টি হবে চট্টগ্রামে। ২ মে তৃতীয় ও শেষটি হবে ঢাকার মিরপুরে।

টি–টুয়েন্টি সিরিজের সব ম্যাচই শুরু হবে বেলা ২টায়।