ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের

২৫

ওমান সাগরে ইরানি পতাকাবাহী একটি বিশাল মালবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ-অবরোধের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল-জাজিরার।

এদিকে, জাহাজ জব্দ করার ঘটনাকে সশস্ত্র জলদস্যুতা অভিহিত করে প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরানি সামরিক বাহিনী।

মেরিন ট্রাফিক-এর তথ্যমতে, ২৯৪.১ মিটার (৯৬৫ ফুট) দীর্ঘ ও ৩২.৫ মিটার (১০৭ ফুট) চওড়া ‘তুসকা’ নামক ইরানি জাহাজটি ৮ দিন আগে মালয়েশিয়ার পোর্ট ক্লাং থেকে রওনা হয়েছিল, এটি ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসের দিকে যাচ্ছিল।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা রবিবার (১৯ এপ্রিল) ছয় ঘণ্টা ধরে জাহাজের ক্রুদের একাধিকবার সতর্কবার্তা দিয়েছিল। তাদের জানানো হয়েছিল যে, জাহাজটি ওয়াশিংটনের অবরোধ লঙ্ঘন করছে।

এরপর একটি মার্কিন যুদ্ধজাহাজ তাদের ডেস্ট্রয়ারের ৫ ইঞ্চি (১৩ সেমি) এমকে ৪৫ গান থেকে জাহাজের ইঞ্জিন রুমে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে তুসকা’র প্রপালশন অকেজো করে দেয়। মার্কিন বাহিনী পরে জাহাজটিতে আরোহণ করে। বর্তমানে এটি মার্কিন হেফাজতে রয়েছে।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, এই জব্দ করার ঘটনা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানি শিগগির যুক্তরাষ্ট্রের এই সশস্ত্র জলদস্যুতার জবাব দেবে এবং প্রতিশোধ নেবে।