আবারও হরমুজ বন্ধ করার হুমকি ইরানের 

২৫

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

শনিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই সর্তকতা ব্যক্ত করেন।

স্পিকার গালিবাফ বলেন, মার্কিন অবরোধ যদি চলতেই থাকে, তবে হরমুজ প্রণালি খোলা রাখা হবে না। এই জলপথ দিয়ে কোন জাহাজ চলাচল করবে, তা সম্পূর্ণভাবে ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে।

এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে হরমুজ প্রণালিটি শর্তসাপেক্ষে পুনরায় খুলে দেওয়া হয়েছে। তবে এই গুরুত্বপূর্ণ নৌপথের ব্যবহার বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতির স্থিতিশীলতার ওপর নির্ভর করছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক ফার্স নিউজ এজেন্সিকে বলেন, শুধুমাত্র বর্তমান যুদ্ধবিরতির শর্ত মেনেই জলপথটি খোলা রাখা হয়েছে।

তিনি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো সামরিক জাহাজ কিংবা শত্রু শক্তির সাথে সংশ্লিষ্ট কোনো জাহাজ হরমুজ প্রণালি ব্যবহারের অধিকার পাবে না। লেবানন সংকটসহ স্থলভাগের পরিস্থিতির কোনো নেতিবাচক পরিবর্তন হলে জলপথটি যেকোনো মুহূর্তে আবারও বন্ধ করে দেওয়া হতে পারে।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান হরমুজ প্রণালি খুলে দিতে এবং ‘কখনোই আর বন্ধ না করতে’ সম্মত হয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে, যতক্ষণ না তেহরানের সাথে ওয়াশিংটনের সকল লেনদেন শতভাগ সম্পন্ন হয়।

বার্তা সংস্থা রয়টার্সকে একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন পতাকাবাহী জাহাজসহ সব ধরণের বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে পারাপারের অনুমতি দেওয়া হবে। তবে এই অনুমতির আওতার বাইরে থাকবে যেকোনো ধরণের নৌবাহিনীর বা সামরিক জাহাজ।