এনবিআর চেয়ারম্যানের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর্কতা জারি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের নাম ও ছবি ব্যবহার করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে অর্থ দাবি করছে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চক্রটি বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত করে বড় অংকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে সংস্থাটির নজরে এসেছে।

এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, +৮৮০১৬১৮-৬০৩৩২৮ নম্বরটি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে এনবিআর চেয়ারম্যানের নাম ও ছবি দিয়ে একটি প্রোফাইল খোলা হয়েছে। এই অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অনৈতিকভাবে অর্থ দাবি করা হচ্ছে।

সংস্থাটি জানায়, এটি একটি পুরনো প্রতারক চক্রের নতুন অপকৌশল। এর আগেও একই চক্র এনবিআর চেয়ারম্যানের নাম ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার চেষ্টা করেছিল। শুধু হোয়াটসঅ্যাপই নয়, এর আগে চেয়ারম্যানের নামে ভুয়া ই-মেইল আইডিও খোলা হয়েছিল। সেই সময় বিভিন্ন ব্যক্তিকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে এবং ট্যাক্স সংক্রান্ত জটিলতার দোহাই দিয়ে টাকা দাবি করেছিল চক্রটি।

এনবিআরের বিজ্ঞপ্তিতে কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণকে এই ধরণের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সংস্থাটি  জানায়, এনবিআর চেয়ারম্যান বা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা কখনোই ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বা ই-মেইলের মাধ্যমে কারো কাছে অর্থ দাবি করেন না।

এনবিআর কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রতারক চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। কেউ যদি এই ধরণের সন্দেহজনক নম্বর থেকে মেসেজ বা কল পান, তবে কোনো প্রকার লেনদেন না করে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।