হজ ২০২৬: পবিত্র মক্কায় প্রবেশে ই-পারমিট চালু

আগামী হজ মৌসুমকে সামনে রেখে পবিত্র মক্কা নগরীতে প্রবেশের জন্য ইলেকট্রনিক বা ই-পারমিট প্রদান প্রক্রিয়া শুরু করেছে সৌদি আরব।

আজ সোমবার থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে বলে দেশটির পাসপোর্ট অধিদপ্তর নিশ্চিত করেছে। হজ যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবার কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এখন থেকে মক্কায় প্রবেশের জন্য প্রয়োজনীয় পারমিট সরাসরি ‘আবশির’ ও ‘মুকিম’ পোর্টালে গিয়ে অনলাইনেই আবেদন করা যাবে।

এর ফলে আবেদনকারীদের সশরীরে পাসপোর্ট অফিসে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই।

নতুন এই ডিজিটাল ব্যবস্থার আওতায় গালফ কো-অপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশের নাগরিক, প্রিমিয়াম রেসিডেন্সি কার্ডধারী, বিনিয়োগকারী, সৌদি নাগরিকদের বিদেশি মা, গৃহকর্মী এবং প্রবাসী পরিবারের সদস্যরা ‘আবশির’ প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের আবেদনের কাজ সম্পন্ন করতে পারবেন।

অন্যদিকে, যেসব প্রবাসী মক্কা ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন কিংবা হজের সময় বিশেষ চুক্তিতে কাজের জন্য সেখানে যাবেন, তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে। পুরো প্রক্রিয়াটিকে হজ পারমিটের সমন্বিত ডিজিটাল সিস্টেম ‘তাসরিহ’র সঙ্গে যুক্ত করা হয়েছে যাতে করে দ্রুত ও স্বচ্ছভাবে অনুমোদন দেওয়া সম্ভব হয়।

পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেট থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈধ হজ পারমিট বা মক্কার ইকামাধারী নন এমন ব্যক্তিদের জন্য সোমবার থেকেই শহরটিতে প্রবেশের ওপর বিধিনিষেধ জারি করা হয়েছে। বিশেষ করে যেসব প্রবাসীর কাছে পবিত্র স্থানগুলোতে কাজ করার জন্য কোনো অনুমোদিত ওয়ার্ক পারমিট নেই, তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। মূলত হজের সময় যাতায়াত ব্যবস্থা সুশৃঙ্খল রাখা এবং অননুমোদিত প্রবেশ ঠেকাতেই সৌদি সরকার এই কঠোর ই-পারমিট ব্যবস্থা প্রবর্তন করেছে।

কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, মৌসুমী শ্রমিকদের ক্ষেত্রেও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করা বাধ্যতামূলক, যা সরাসরি সরকারের কেন্দ্রীয় তথ্যভাণ্ডারের সঙ্গে যুক্ত থাকবে।

সূত্র: গালফ নিউজ