ইতালির নতুন কোচ বালদিনি

২৮

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা না পাওয়ার ধাক্কা সামলে নতুন অধ্যায়ে পা রাখছে ইতালি। জুনে দুটি প্রীতি ম্যাচ দিয়ে আবার আন্তর্জাতিক ফুটবলে ফিরছে দলটি। আর এই দুই ম্যাচে দায়িত্বে থাকবেন অনূর্ধ্ব-২১ দলের কোচ সিলভিও বালদিনি।

ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, লুক্সেমবার্গ ও গ্রিসের বিপক্ষে ম্যাচ দুটিতে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বালদিনি।

বিশ্বকাপে জায়গা না পাওয়ার ব্যর্থতা ইতালিয়ান ফুটবলে বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছে। এই ব্যর্থতার পর রাজনৈতিক চাপের মুখে ফেডারেশন সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনা পদত্যাগ করেছেন। একইসঙ্গে দলের প্রতিনিধি প্রধানের দায়িত্ব ছাড়েন সাবেক কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। আর প্রধান কোচ জেন্নারো গাত্তুসোও নিজের পদ ছেড়ে দেন।

এই প্রেক্ষাপটে, নতুনভাবে দল গঠনের সূচনা হবে জুনের প্রীতি ম্যাচ দিয়েই। ৩ জুন অ্যাওয়ে ম্যাচে লুক্সেমবার্গের মুখোমুখি হবে ইতালি। এরপর ৭ জুন গ্রিসের বিপক্ষে খেলবে ক্রিটে।

জুনের এই দুই ম্যাচকে সামনে রেখে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে আজ্জুরিরা। কারণ সেপ্টেম্বরে শুরু হবে উয়েফা নেশন্স লিগের পঞ্চম আসর। যেখানে ইতালি রয়েছে লিগ ‘এ’-এর গ্রুপ ১-এ। সেই গ্রুপে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স, বেলজিয়াম ও তুরস্ক।