গায়ের জোরে বিসিবি দখল করেছিল সাবেক ক্রীড়া উপদেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

৩০

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) রাজনৈতিক প্রভাবমুক্ত ও পেশাদার করার কঠোর হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিসিবি কোনো পরিবহনের স্ট্যান্ড নয় যে এখানে ‘বাপের দোয়া’ বা ‘মায়ের দোয়া’ মার্কা পকেট কমিটি চলবে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট একটি বিল উত্থাপনের ওপর আলোচনায় অংশ নিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বিসিবির কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করায় সরকারের সমালোচনা করেন। এর জবাবে মন্ত্রী বিসিবি, মানবাধিকার কমিশন ও বিগত সরকারের অনিয়ম নিয়ে পাল্টা সমালোচনা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা গায়ের জোরে সারা বাংলাদেশের জেলা কমিটিগুলোকে প্রভাবিত করেছিলেন। হাইকোর্টের আদেশকে তোয়াক্কা না করে, সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে একতরফাভাবে ক্রিকেট বোর্ড দখল করা হয়েছিল। বিগত সময়ে ক্ষমতার অপব্যবহার করে গঠিত অবৈধ কমিটিকে বিদায় করা হয়েছে এবং তামিম ইকবালের মতো বিশ্ববরেণ্য ক্রিকেটারদের হাতেই এখন দেশের ক্রিকেট নিরাপদ।

তিনি বলেন, ক্রীড়ামন্ত্রীর নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি জঘন্য সব অনিয়ম খুঁজে পেয়েছে। সেই পকেট কমিটি ভেঙে দিয়ে আমরা তামিম ইকবালকে এনেছি। আমরা এখানে কোনো ‘বাপের দোয়া’ কমিটি করতে আসিনি; বরং দেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিতে চাই।