এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা বললেন শিক্ষামন্ত্রী

২৭

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত বা পেছানো হতে পারে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সব ধরনের দাবিকে স্রেফ গুজব ও বিভ্রান্তিকর বলে নাকচ করে দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নির্ধারিত সূচি অনুযায়ী অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সারা দেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বরিশাল অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানিয়েছেন বর্তমান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি পরীক্ষার্থী ও অভিভাবকদের কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওই মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী বলেন, ফেসবুকে পরীক্ষা পেছানোর বিষয়ে যেসব খবর ছড়াচ্ছে তার কোনোই ভিত্তি নেই। কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা অহেতুক ভয় থেকে জনমনে এমন বিভ্রান্তিকর গুজব ছড়াচ্ছে।

মন্ত্রী আরও বলেন, নির্ধারিত রুটিন অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে কারণ এই রুটিন আগেই নির্ধারিত হয়েছে এবং পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র ইতোমধ্যে মুদ্রণ সম্পন্ন করা হয়েছে। ফলে পরীক্ষা পেছানোর কোনো কারিগরি বা প্রশাসনিক সুযোগ এখন আর অবশিষ্ট নেই। তিনি কেন্দ্রসচিবদের পরীক্ষার যাবতীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।

এর আগে গত সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহে আয়োজিত অপর এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানিয়েছিলেন, এবারের পরীক্ষা সারা দেশে সম্পূর্ণ নকলমুক্ত, স্বচ্ছ এবং অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে আয়োজন করতে সরকার বদ্ধপরিকর।