স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার।

রোববার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বেইলি রোডে স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাংলোতে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ বাহিনীর সংস্কার এবং মানবাধিকার সুরক্ষাসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সাক্ষাৎকালে উভয়পক্ষ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিনিময় করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো- দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং চ্যালেঞ্জ, পুলিশ সংস্কার ও কমিশন: স্বাধীন পুলিশ কমিশন গঠন এবং পুলিশের সামগ্রিক পুনর্গঠন এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ।

এ ছাড়া বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান অবস্থা ও সহায়তা নিয়েও আলোচনা হয়েছে।

পুলিশ সংস্কারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে আধুনিক ও জনবান্ধব করতে কাজ করে যাচ্ছে। তবে এই সংস্কার প্রক্রিয়া রাতারাতি সম্পন্ন করা সম্ভব নয়; সরকার একটি টেকসই ও ধারাবাহিক উন্নয়নে বিশ্বাসী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশের পুনর্গঠন, সংস্কার এবং সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ইউএনডিপি কারিগরি ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারে। বাংলাদেশ সরকার এই লক্ষ্য অর্জনে সংস্থাটির সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করে।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী ইউএনডিপি প্রতিনিধিদলকে স্বাগত জানান।

অন্যদিকে আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার নতুন পোর্টফোলিওতে দায়িত্ব গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।