রাহুলের মৃত্যুর বিচার চেয়ে স্ত্রীর এফআইআর, জোরালো তদন্তের দাবি

১৪৫

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর বিচার চেয়ে থানায় এফআইআর দায়ের করেছেন তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কলকাতার রিজেন্ট পার্ক থানা-য় তিনি এফআইআর করেন। ‘ভারতীয় ন্যায় সংহিতা’ আইনের ৬১(২)/১০৬(১)/২৪০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

এসময় থানায় উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্তসহ বিনোদন জগতের একাধিক শিল্পী।

রাহুলের মৃত্যুর পাঁচ দিন পর এফআইআর দায়ের করা হলো।

থানায় প্রবেশের সময় প্রিয়াঙ্কাকে ভীষণ বিধ্বস্ত দেখাচ্ছিল। তিনি নিজে উপস্থিত থেকে অভিযোগপত্রে স্বাক্ষর করেন, ফলে মামলাটি বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের আর্টিস্ট ফোরাম ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়।

সংস্থাটি পরিচালনা করেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। অভিযোগের প্রেক্ষিতে সন্তোষজনক জবাব না পাওয়ায় এফআইআর করা হয়।

গত ২৯ মার্চ তালসারি সমুদ্র সৈকত-এ ‘ভোলবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে রাহুলের মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক ধারণা, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তে তার ফুসফুসে বালিকণা ও নোনা পানির উপস্থিতি পাওয়া যায়।

তবে মৃত্যুকে ঘিরে এখনও ধোঁয়াশা রয়েছে। দুর্ঘটনার সময় তিনি শুটিং করছিলেন কি না- এ নিয়ে পরস্পরবিরোধী তথ্য সামনে এসেছে। এ কারণে প্রযোজনা সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে রাহুলের স্মরণে শনিবার টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়।

‘জাস্টিস ফর রাহুল’ দাবিতে আয়োজিত এ মিছিলে শিল্পী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।