কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকারে আগুন

৪৯

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে, যার ফলে বিমানবন্দরের জ্বালানি ট্যাংকারে বিশাল আগুন লেগেছে।

বুধবার (১ এপ্রিল) সকালেই কুয়েতি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি জানিয়েছেন, “হামলার সঙ্গে ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে।

হামলার প্রধান লক্ষ্য ছিল একটি জ্বালানি ট্যাংকার। আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।”

তবে তিনি আরও বলেন, জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়েছেন। অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটলেও মানুষ আহত হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

এর পরিপ্রেক্ষিতে ইরান উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো শুরু করে।

ইরান অভিযোগ করেছে, কিছু আরব দেশের বিমানবন্দরগুলোকে যুক্তরাষ্ট্র তাদের সামরিক কাজে ব্যবহার করছে, যা নিজেদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দর পরিচালনা স্বাভাবিক রয়েছে, এবং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।