জনগণের ওপর অন্যায় চাপলে পরিণতি শুভ হবে না: গোলাম পরোয়ার

৪২

বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সংখ্যাগরিষ্ঠতার দম্ভে সরকার যদি জনগণের ওপর অন্যায় সিদ্ধান্ত চাপানোর চেষ্টা করে, তার পরিণতি শুভ হবে না।

তিনি উল্লেখ করেছেন, অতীতে কর্তৃত্ববাদী শাসকরা এমন চেষ্টা করলেও শেষ পর্যন্ত টিকতে পারেননি।

শনিবার (২৮ মার্চ) খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ঈদ প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের নির্বাচনী প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, একই প্রক্রিয়ায় গণভোট ও সংসদ নির্বাচন আয়োজন করে একটিকে বৈধ এবং অন্যটিকে অবৈধ বলা বিবেকবিরোধী এবং প্রতারণার শামিল। বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের দায় সরকারের ওপর থাকলেও সংকট দীর্ঘায়িত হলে এর দায়ও সরকারকেই বহন করতে হবে।

গোলাম পরোয়ার আরও বলেন, জামায়াতে ইসলামী বিপুলসংখ্যক আসন নিয়ে বর্তমানে বিরোধী দলের অবস্থানে আছে এবং ড. শফিকুর রহমান বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করছেন।

তিনি দেশের রাজনীতিতে নতুন বাস্তবতা তুলে ধরে বলেছেন, জামায়াতে ইসলামী কোনো বিশৃঙ্খলা বা সন্ত্রাসের রাজনীতি সমর্থন করে না, তবে অন্যায়ের বিরুদ্ধে আপোশহীন থাকবে।

সংসদের আসন্ন অধিবেশনকে সামনে রেখে তিনি সতর্ক করে বলেন, সংসদ যেন সংবিধান, আইন ও কার্যপ্রণালি বিধির বাইরে না যায়, অন্যথায় নতুন রাজনৈতিক সংকট তৈরি হতে পারে।

দলের সংসদীয় সদস্যদের জন্য ইতোমধ্যেই কৌশল নির্ধারণ করা হয়েছে।

মিলনায়তনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি মাস্টার শফিকুল আলম, খুলনা মহানগরী জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, হিন্দু কমিটির নেতা কৃষ্ণ নন্দী।

কৃষ্ণ নন্দী বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে ১১ দলীয় জোট আন্দোলনে নামতে বাধ্য হবে।’ তিনি ভারতের সাম্প্রতিক বক্তব্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমানের নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।