স্বর্ণের দাম ভরিতে কমল ৬৫৯০ টাকা

৪২

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় এবার সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে কমানো হয়েছে ৬ হাজার ৫৯০ টাকা। আজ শুক্রবার সকাল ১০টা থেকে সারাদেশে নতুন এই দাম কার্যকর হয়েছে।

​বাজুস জানিয়েছে, দেশের বুলিয়ন মার্কেটে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণ ও রুপার দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ​নতুন দর অনুযায়ী (১১.৬৬৪ গ্রাম হিসেবে), আজ থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, অর্থাৎ এ মানের স্বর্ণের দাম ভরিতে কমানো হয়েছে ৬ হাজার ২৯৯ টাকা।

এছাড়া ১৮ ক্যারেট প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা। সে হিসাবে এ দুই ধরনের স্বর্ণের দাম কমেছে যথাক্রমে ৫ হাজার ৩৬৬ ও ৪ হাজার ৪৩২ টাকা।

দেশের বাজারে চলতি বছরের ২৯ জানুয়ারি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা, যা এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দাম। সেই তুলনায় বর্তমানে স্বর্ণের দাম অনেকটা কমে এসেছে।

​স্বর্ণের পাশাপাশি রুপার দামও নতুন করে নির্ধারণ করেছে বাজুস।

নতুন হিসেবে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা। ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা এবং ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা করা হয়েছে।

সনাতন পদ্ধতির রুপার দাম ভরিপ্রতি ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

জুয়েলারি ব্যবসায়ীরা জানান, বাজুস নির্ধারিত এই মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম মজুরি যোগ করে ক্রেতাদের অলঙ্কার কিনতে হবে।