হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ওপর টোল আদায়ের নতুন আইন করছে ইরান

৩৩

ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি এবং তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পার্লামেন্টের সিভিল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান বলেছেন, এ সংক্রান্ত একটি খসড়া আইন ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই আইন প্রণয়ন দলের মাধ্যমে তা চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, এই পরিকল্পনা অনুযায়ী, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানকে ফি আদায় করতে হবে। এটি সম্পূর্ণ স্বাভাবিক বিষয়। অন্যান্য করিডোরে যেমন পণ্য পরিবহনের ক্ষেত্রে শুল্ক দিতে হয়, তেমনি হরমুজ প্রণালীও একটি করিডোর।

তিনি আরও বলেন, আমরা এর নিরাপত্তা নিশ্চিত করি, তাই জাহাজ ও তেলবাহী ট্যাংকারের কাছ থেকে টোল নেওয়াটা স্বাভাবিক।

উল্লেখ্য, চলমান সংঘাতের অবসান ঘটাতে ইরান যে পাঁচটি শর্ত দিয়েছে, তার মধ্যে হরমুজ প্রণালীর ওপর নিজেদের কর্তৃত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার দাবিও রয়েছে। সূত্র : আল-জাজিরা।