এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামছে হুথি বিদ্রোহীরা, ঘনিয়ে আসছে ভয়াবহ সময়

৩১

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এবার সরাসরি যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এক ‘অবহিত সূত্রের’ বরাত দিয়ে জানিয়েছে, হুথিরা এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত।

বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়া এখন তাদের জন্য সময়ের ব্যাপার মাত্র বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বিদ্রোহী গোষ্ঠীটি, যারা আনসারুল্লাহ নামেও পরিচিত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট শত শত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে।

শুধু ইসরায়েলই নয়, তারা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে যুক্ত বাণিজ্যিক জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করেছে, যার ফলে বৈশ্বিক পণ্য পরিবহনে বড় ধরনের স্থবিরতা দেখা দিয়েছে।

পশ্চিমা নৌবাহিনীগুলো লোহিত সাগরে জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে পার করার চেষ্টা করলেও হুথিদের এই নিয়মিত আক্রমণ ঠেকাতে তারা হিমশিম খাচ্ছে।

বিশ্লেষকদের মতে, বাব আল-মান্দাব প্রণালিটি ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার মধ্যে সংযোগ রক্ষাকারী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ।

যদি হুথি বিদ্রোহীরা এই প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়, তবে লোহিত সাগরে পশ্চিমা শক্তির বিকল্প পথগুলো প্রায় বন্ধ হয়ে যাবে।

তাসনিম নিউজের দাবি অনুযায়ী, এই প্রণালি দখল করা হুথিদের জন্য একটি ‘সহজ কাজ’ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই নতুন হুমকির ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ার এবং বিশ্ব অর্থনীতিতে জ্বালানি ও পণ্য সংকটের চরম ঝুঁকি তৈরি হয়েছে। এমনকি সামনে বিশ্বের সব শক্তি দুই-তিন ভাগে বিভক্ত হয়ে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।

সূত্র: সিএনএন