ভারত থেকে ফিরেই বেনাপোলে আওয়ামী লীগ নেতা আটক

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ভারত থেকে ফেরার পর মফিজুর রহমান (৭২) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, মফিজুর রহমানের নাম ইমিগ্রেশনের স্টপলিস্টে ছিল না। তিনি চলতি বছরের ১২ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং সেখান থেকে বাংলাদেশি পাসপোর্টে দেশে ফেরেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন বলেন, তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় গত ৩ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ৪ মে রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার পারবাজার পাঁচপুকুর এলাকার একটি ভাড়া বাসা থেকে চেয়ারম্যান মফিজুর রহমানসহ বেনাপোল ও শার্শা উপজেলার সাতজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরবর্তীতে তিনি ওই মামলায় জামিনে মুক্ত ছিলেন।