চবির সাবেক উপাচার্য মো. আনোয়ারুল আজিম আর নেই

২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের তথ্য ও জনসংযোগ শাখার ডেপুটি রেজিস্ট্রার খন্দকার মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনরা জানান, বেলা ১১টায় জামিয়াতুল ফালাহ মসজিদে তার প্রথম জানাজা এবং পরবর্তীতে বাদ আসর উজির আলী চৌধুরী মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

মো. আনোয়ারুল আজিম আরিফ ১৯৫১ সালের ১ মে চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভার ইছামতিকুল ৮ নম্বর ওয়ার্ডে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সাইদুর রহমান। ব্যক্তিগত জীবনে তিনি তিন পুত্র সন্তানের জনক ছিলেন। তার স্ত্রী জান্নাতুন্নেছা একজন গৃহিণী।

তিনি ২০১১ সালের ১৫ জুন থেকে ২০১৫ সালের ১৪ জুন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৬ সালে তিনি একই বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০১ সালে উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য ছিলেন মো. আনোয়ারুল আজিম আরিফ। তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালে ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়াও  বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এমবিএ প্রোগ্রামের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।