শারীরিক অসুস্থতায় ইউজিসি চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছেন প্রফেসর ড. এস এম এ ফায়েজ।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ আবেদন জানান এস এম এ ফায়েজ।

এতে তিনি উল্লেখ করেন, তিনি ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করেন।

চিঠিতে ড. এস এম এ ফায়েজ বলেন, শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারছেন না।

এ অবস্থায় তার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।