শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

২৭

কেনাকাটার পর পণ্য বহনের জন্য একসময় ক্রেতাদের বিনামূল্যে কাগজের শপিং ব্যাগ দেওয়া হতো আড়ং থেকে। তবে গত বছরের সেপ্টেম্বর থেকে ওই ব্যাগের জন্য আলাদা করে মূল্য নেওয়া হচ্ছে। এই অর্থ নেওয়া বন্ধ করতে রোববার (১৫ মার্চ) সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি।

নোটিশটি পাঠানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালকের কাছে।

নোটিশদাতা আইনজীবী জানান, রেজিস্ট্রি ডাকে নোটিশটি পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে জনস্বার্থে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট করা হবে।

নোটিশে বলা হয়েছে, গত বছর ১ সেপ্টেম্বর থেকে কেনাকাটার পর বিনামূল্যে শপিং ব্যাগ না দিয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে আড়ং, যা ভোক্তা অধিকার ও ব্যবসায়িক নীতির পরিপন্থী।

এতে আরও বলা হয়, আড়ংয়ের এ পদক্ষেপ অনুসরণ করে অন্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও ক্রেতাদের কাছ থেকে শপিং ব্যাগের মূল্য নেওয়া শুরু করতে পারে।

তাই অবিলম্বে এ প্রক্রিয়া বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।