জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে মস্কোর সমর্থন চাইলো ঢাকা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।

রোববার (১৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য রাশিয়ার সমর্থন কামনা করেন।

সাক্ষাৎকালে রাশিয়ার রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশ-রাশিয়ার সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, দক্ষ জনশক্তি অভিবাসন এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে এই সহযোগিতা ক্রমেই সম্প্রসারিত হচ্ছে।

রাষ্ট্রদূত রাশিয়ার পক্ষ থেকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের সঙ্গে রাশিয়ার ধারাবাহিক সম্পৃক্ততার প্রশংসা করেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।